সাতক্ষীরার তালায় মাছ চুরির অভিযোগে ক্ষিতিশ চন্দ্র মণ্ডল (৫৫) নামে এক মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ঘেরমালিক বিশ্বনাথ ঘোষ ও তার সহযোগীদের বিরুদ্ধে।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাতে উপজেলার জেয়ালা উত্তরখোলা বিলে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তির পর বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ক্ষিতিশ চন্দ্র মণ্ডল উপজেলার জেয়ালা গ্রামের মৃত মনিন্দ্র মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে জেয়ালা উত্তরখোলা সরকারি বিলের বিশ্বনাথ ঘোষের মাছের ঘের থেকে মাছ চুরির অভিযোগে ক্ষিতিশকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, এরপর ঘেরের কর্মচারী গফফার, ঘেরমালিক বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, হাবিবুর গাজী, ইব্রাহিম খাঁ ও সমর ঘোষসহ ১৫ থেকে ২০ জন মিলে তাকে মারধর করেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দেওয়া হয়। লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তার হাত-পা ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।
স্বামীকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সুলেখা মণ্ডল। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় ক্ষিতিশকে উদ্ধার করে সকাল ৮টার দিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয় পার্থ মণ্ডল ও প্রকাশ মণ্ডলসহ কয়েকজন জানান, ক্ষিতিশের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। তার দুই হাত-পা ভাঙা এবং মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে তারা জানান।
নিহতের স্ত্রী সুলেখা মণ্ডল বলেন, স্বামীকে মারধরের খবর পেয়ে বিলে গিয়ে তাকে উদ্ধার করি। তখনও তিনি কথা বলতে পারছিলেন। তিনি আমাকে মারধরে জড়িত কয়েকজনের নাম বলেছেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করি। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
