
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন কুড়িগ্রামের উলিপুরের সন্তান ইঞ্জিনিয়ার আবু সাঈদ জনি। শুক্রবার (২৩ অক্টোবর) দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নতুন তালিকা প্রকাশের পর বিষয়টি জানা যায়।
নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হয়েছেন আখতার হোসেন। দলের কেন্দ্রীয় নেতৃত্ব পুনর্গঠন ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ১০ পৃষ্ঠার এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এনসিপির ভেরিফায়েড পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দলের সম্পাদক ও দপ্তর সেলের দায়িত্বপ্রাপ্ত সাদিয়া ফারজানা দিনা।
প্রকাশিত তালিকায় ৫৮ সদস্যের মধ্যে ৪৬ নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার আবু সাঈদ জনি। তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের খামার বজরা, বাবুরহাট এলাকার নওয়াব আলীর ছেলে।
স্থানীয়ভাবে পরিচিত তরুণ আবু সাঈদ জনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার মানুষের প্রয়োজনে সহযোগিতার মাধ্যমে তিনি স্থানীয় পর্যায়ে পরিচিতি অর্জন করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ আসনে এনসিপির মনোনয়ন পেয়েছিলেন আবু সাঈদ জনি। তবে জোটগত সমঝোতার কারণে তিনি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন। নির্বাচনে অংশ না নিলেও স্থানীয় পর্যায়ে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা অব্যাহত রয়েছে।
কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার আবু সাঈদ জনি বলেন, এই দায়িত্ব আমার কাছে আমানত ও দায়বদ্ধতার বিষয়। সততা, নিষ্ঠা ও ঈমানদারির সঙ্গে যেন অর্পিত দায়িত্ব পালন করতে পারি এবং দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারি, সে জন্য সবার কাছে দোয়া প্রার্থী।
তিনি আরও বলেন, মহান আল্লাহ তায়ালা যেন আমাকে এই দায়িত্ব যথাযথভাবে পালনের তৌফিক দান করেন এবং সকল নেক প্রচেষ্টাকে কবুল করেন।##

