সুজন আলী, রাণীশংকৈল প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন আব্দুল মান্নান। অন্যদিকে, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম সুমন।
শনিবার (২৪ অক্টোবর) রাণীশংকৈল ডিগ্রি কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে সকাল থেকে বিকেল পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা পর্ষদ সূত্রে জানা যায়, সাধারণ সম্পাদক পদে গরুর গাড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ১৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আব্দুল মান্নান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজাহান আলী ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫৩ ভোট।
এদিকে সভাপতি পদসহ কমিটির বেশ কয়েকটি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। সহ-সভাপতি পদে গোলাম রসুল, সহ-সাধারণ সম্পাদক পদে ফইজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম, অর্থ সম্পাদক পদে আতাউর রহমান এবং কার্যকরী সদস্য পদে ফারাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম বলেন, সম্পূর্ণ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সংগঠনের মোট ২৬৮ জন ভোটারের মধ্যে ২৪১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।”
নির্বাচনের সামগ্রিক বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কর্মকর্তা মহসিন আলী বলেন, শ্রমিকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই নির্বাচন শেষ হয়েছে। ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হলে বিজয়ী প্রার্থীর সমর্থক ও সাধারণ শ্রমিকদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়।

