মা বাবাকে নির্যাতনের অভিযোগ, মাদকাসক্ত ছেলেকে এক বছরের কারাদণ্ড দিলেন ইউএন
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে মাদকাসক্ত হয়ে মা–বাবাকে অত্যাচার ও নির্যাতন করার অভিযোগে আব্দুল আলীম নামের এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্লবার রাত আট ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ রিপামনি দেবী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে এই দন্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আব্দুল আলীম উপজেলার মধ্য তাহিরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আলীমের বিরুদ্ধে মাদকাসক্ত হয়ে মা–বাবাকে নির্যাতন করার অভিযোগ ওঠে। এ বিষয়ে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মধ্য তাহিরপুর গ্রামে যান। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী বলেন, “মাদকাসক্তির কারণে কোনো পরিবার যেন নির্যাতন ও হয়রানির শিকার না হয়, সে বিষয়ে প্রশাসন সচেতন রয়েছে। আইন অনুযায়ী এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, “মাদকাসক্তির কারণে পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। মা–বাবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। মাদকের বিস্তার রোধে সবাইকে সচেতন হতে হবে।”
তাঁরা আরও বলেন, মাদকাসক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনার পাশাপাশি তাঁদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবার ও সমাজেরও দায়িত্ব রয়েছে।
