বদরুদ্দোজা প্রধান,পঞ্চগড়
বিএনপি সরকারের উন্নয়ন ও অর্জন নস্যাৎ করতে বিরোধী দল বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে জেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, একাত্তর, নব্বই ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে বিশ্বাস করে না, সেই ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শক্তিগুলো আজ ঐক্যবদ্ধ হয়েছে। তারা তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং সেই উন্নয়নের সুফল তৃণমূল পর্যায়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ বাধাগ্রস্ত করতে চায়।
ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ছোটখাটো কিছু ভুলত্রুটি ছাড়া নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী যে ভোট পেয়েছিলেন, এবারের উপনির্বাচনে তার চেয়ে অর্ধেক ভোট পেয়েছেন। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও বিএনপির প্রতি মানুষের আস্থার কারণেই এ বিজয় এসেছে বলে তিনি দাবি করেন।
যুবদলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যতে নেতৃত্ব দিতে হলে আগে নিজের ভাবমূর্তি তৈরি করতে হবে। কোনো নেতা-কর্মীর ব্যক্তিগত অপকর্মের দায় দল নেবে না। ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে যেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দলের ক্ষতি করে কেউ নেতৃত্বের যোগ্যতা অর্জন করতে পারেন না।
এর আগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুর সঞ্চালনায় এবং সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, আব্দুল্লাহ আল মামুন রনি, ইউনুস শেখসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

