
মোঃ নুর ইসলাম
পীরগঞ্জ প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তালাকের মাত্র দুই মাসের মাথায় সব বাধা ও সামাজিক দূরত্ব উপেক্ষা করে পুনরায় প্রেমিকের বাড়িতে গিয়ে ওঠেন এক তরুণী।
বর্তমানে তিনি ওই বাড়িতেই অবস্থান করছেন এবং সংসার করার জোরালো দাবি জানিয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের আকবর আলীর ছেলে রাকিবের সঙ্গে একই ইউনিয়নের হরিটা গ্রামের খালেছুর রহমানের মেয়ে আদরি আক্তার খুশির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের একপর্যায়ে তারা ১০ই আগষ্ট ২০২৬, কোর্ট এফিডেভিটের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং রাকিবের বাড়িতে প্রায় এক মাস শান্তিপূর্ণভাবে সংসারও করেন।
পরবর্তীতে বাপের বাড়ির লোকজনের সঙ্গে দেখা করার কথা বলে আদরি নিজ বাড়িতে যান। অভিযোগ ওঠে, সেখানে পৌঁছানোর পর পরিবারের বিভিন্ন চাপের মুখে তিনি আর শ্বশুরবাড়িতে ফিরতে রাজি হননি। একপর্যায়ে বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে গ্রাম্য সালিশ বসে। সেই সালিশে পরিবারের কৌশলে ও চাপে পড়ে আদরি বাধ্য হয়ে রাকিবকে ডিভোর্স (তালাক) দেন বলে জানা যায়।
তবে তালাকের দীর্ঘসূত্রিতা কাটিয়ে সোমবার রাতে পিতৃহৃদয়ের বাধা ও সব পিছুটান উপেক্ষা করে আদরি নিজেই ছুটে যান প্রেমিক রাকিবের বাড়িতে। বর্তমানে তিনি রাকিবের পরিবারেই অবস্থান করছেন এবং তার সঙ্গেই বাকি জীবন সংসার করার দৃঢ় ইচ্ছা প্রকাশ করেছেন।
এ বিষয়ে প্রেমিক রাকিবের সঙ্গে কথা হলে তিনি জানান, “আমাদের মধ্যে সত্যিকারের ভালোবাসা ছিল এবং আমরা কোর্ট এফিডেভিট ও মুন্সি মোহর করেই বিয়ে করেছিলাম। একমাস আমার বাড়িতে ও খুব ভালোভাবেই সংসার করেছিল। কিন্তু ওর বাবার বাড়ির লোকজন কুফুরি বা বিভিন্ন চাপ সৃষ্টি করে জোর করে ওকে আমাদের কাছ থেকে আলাদা করে নেয় এবং সালিশে কৌশলে ডিভোর্স দেওয়ায়। সোমবার রাতে ও নিজেই আমার বাড়িতে এসে উঠেছে এবং আমার সাথেই সংসার করবে বলে জানিয়েছে। আমি ওকে ভালোবেসেছি, ও যেহেতু স্বেচ্ছায় আমার কাছে ফিরে এসেছে, আমি ওকে আমার স্ত্রী হিসেবে মাথা পেতে নিতে প্রস্তুত আছি।”
এদিকে মেয়ের পক্ষ থেকে বা সালিশের দায়িত্বশীলদের পক্ষ থেকে পরবর্তীতে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
তবে আকস্মিক এই ঘটনায় এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে।
