
নিজস্ব প্রতিবেদক, লালপুর :
নাটোরের লালপুরে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ ১৩ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শনিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মোহরকয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মিরন ইসলাম (জয়)। তিনি মোহরকয়া গ্রামের নূর বক্সের ছেলে এবং মেসার্স মোস্তাফিজুর ট্রেডার্সের স্বত্বাধিকারী।
পুলিশ সূত্রে জানা যায়, দায়রা মামলা নম্বর ৩৪৪/২৩ ও সিআর মামলা নম্বর ১১৭সি/২১ (সদর) মামলায় বগুড়ার যুগ্ম দায়রা জজ আদালত-২ তাঁকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ ১৩ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড দেন। আদালতের রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে লালপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিরন ইসলামকে গ্রেপ্তারের পর একই দিন আদালতে পাঠানো
হয়েছে।
