
আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ডিগ্রি কলেজে তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ১ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (২৪ আগস্ট) কলেজ প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আড়ানী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মহিদুল ইসলাম জুয়েল।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের অভিভাবক সদস্য সামসুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহার উদ্দিন, সহকারী অধ্যাপক মো. মুরাদ আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ।
কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণের বিভিন্ন স্থানে মেহগনি ও অন্যান্য কাঠজাতীয় গাছের পাশাপাশি সুপারি, ডাব এবং বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করা হয়। পর্যায়ক্রমে কলেজ ক্যাম্পাসে মোট ১ হাজার বৃক্ষ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃক্ষরোপণকালে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানকে সবুজ ও মনোরম পরিবেশে গড়ে তুলতে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার প্রয়োজন। পাশাপাশি শিক্ষার্থীদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে অতিথিরা কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
