
মোঃ শরীফুল আজম (বাবু)
গাইবান্ধা:
ভোট দিতে দূরের কেন্দ্রে যেতে হয় এমন অভিযোগ তুলে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৪ নম্বর জামালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চিকনী এলাকার বাসিন্দারা এবার ভোটকেন্দ্র নিজেদের এলাকায় স্থাপনের দাবি জানিয়েছেন। এ দাবিতে মানববন্ধন, এক মিনিটের সড়ক অবরোধ এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।
রোববার (৩০ আগস্ট) দুপুরে গাইবান্ধা জেলা নির্বাচন অফিসের সামনে এ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাদের হাতে ছিল চিকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাব-সেন্টার/ভোটকেন্দ্র চাই’সহ বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড।
দূরের কেন্দ্রে ভোট দিতে গিয়ে ভোগান্তি
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, জামালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চিকনী এলাকার বিপুলসংখ্যক ভোটারকে ভোট দেওয়ার জন্য দূরবর্তী কেন্দ্রে যেতে হয়। বিশেষ করে বয়স্ক মানুষ, নারী, প্রতিবন্ধী ও শারীরিকভাবে অসুস্থ ভোটারদের জন্য এ যাতায়াত কষ্টকর হয়ে পড়ে।
তাদের ভাষ্য, এলাকার ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থা এবং ভোটারদের সুবিধা বিবেচনায় চিকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি সাব-সেন্টার বা ভোটকেন্দ্র স্থাপন করা হলে ভোটারদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে।
নীতিমালায় বিশেষ পরিস্থিতিতে সুযোগ রয়েছে:
মানববন্ধনকারীরা দাবি করেন, ভোটকেন্দ্র নির্ধারণে শুধু ভোটারের সংখ্যা নয়, যাতায়াতের সুবিধা ও ভৌগোলিক অবস্থানও বিবেচনার বিষয়। বাংলাদেশ নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫-এ সাধারণভাবে গড়ে ৩ হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র স্থাপনের নির্দেশনা থাকলেও বিশেষ পরিস্থিতিতে কমসংখ্যক ভোটার নিয়েও কেন্দ্র স্থাপনের সুযোগ রাখা হয়েছে বলে তারা উল্লেখ করেন।
নীতিমালায় ভোটারদের যাতায়াতের সুবিধা ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় কেন্দ্র স্থাপনের কথা বলা হয়েছে। পাশাপাশি সাধারণত দুটি ভোটকেন্দ্রের মধ্যে দূরত্ব ৩ কিলোমিটারের বেশি না রাখা এবং কোনো ভোটারকে নিকটবর্তী কেন্দ্র অতিক্রম করে আরও দূরের কেন্দ্রে যেতে না হয়, এ বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে বলে মানববন্ধনকারীরা জানান।
এ ছাড়া ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে সরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও নীতিমালায় রয়েছে। সেই বিবেচনায় চিকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সম্ভাব্য ভোটকেন্দ্র হিসেবে সরেজমিনে যাচাইয়ের দাবি জানিয়েছেন তারা।
এক মিনিট থেমে যায় মহাসড়কের যান চলাচল
মানববন্ধন শেষে দাবির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেন কর্মসূচিতে অংশ নেওয়া লোকজন। প্রায় এক মিনিট সড়ক অবরোধ করে রাখায় মহাসড়কের দুই পাশে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।
পরে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
অংশগ্রহণকারীরা বলেন, তাদের কর্মসূচি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়। এলাকার সাধারণ ভোটারদের নির্বিঘ্নে ও সহজে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতেই তারা এ দাবি জানিয়েছেন।
জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
মানববন্ধন শেষে স্থানীয়দের একটি প্রতিনিধি দল গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। এতে ৪ নম্বর জামালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চিকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্রুত সাব-সেন্টার/ভোটকেন্দ্র স্থাপনের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে ভোটকেন্দ্র নির্ধারণের আগে স্থানীয় জনগণের মতামত, ভোটার সংখ্যা, বর্তমান ভোটকেন্দ্রের সঙ্গে দূরত্ব, যোগাযোগব্যবস্থা এবং এলাকার ভৌগোলিক বাস্তবতা সরেজমিনে যাচাই করার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, জেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সরেজমিন তদন্ত করবেন এবং নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী চিকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।
চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের
নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী, ভোটকেন্দ্রের প্রাথমিক তালিকা প্রণয়নের পর এ নিয়ে দাবি, আপত্তি ও সুপারিশ গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের যাচাই-বাছাই ও সরেজমিন পরিদর্শনের পর কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হয়। পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের অনুমোদনের ভিত্তিতে তা সরকারি গেজেটে প্রকাশিত হয়।
এ অবস্থায় চিকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ভোটকেন্দ্র হিসেবে অন্তর্ভুক্ত করার দাবিটি সরেজমিনে যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার দাবি স্থানীয়দের।
তাদের একটাই প্রত্যাশা—চিকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্রুত ভোটকেন্দ্র স্থাপন করে ভোটারদের দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তির অবসান করা।
