
মোঃ ওসমান গনি ইলি কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় ২০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রহমান (২৩) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাবের দাবি, আব্দুর রহমান একজন মাদক কারবারি। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়া থানার কোর্টবাজার স্টেশনসংলগ্ন অস্থায়ী চেকপোস্টে এ অভিযান চালায় র্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল।
র্যাব-১৫ জানায়, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তারা জানতে পারে, এক ব্যক্তি ইজিবাইকে করে মাদকদ্রব্য নিয়ে কোর্টবাজার এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে কোর্টবাজার স্টেশন এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র্যাব।
র্যাবের ভাষ্য, এ সময় সন্দেহভাজন ইজিবাইকচালক র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে ঘেরাও করে ইজিবাইকসহ আটক করা হয়।
র্যাব আরও জানায়, পরে সাক্ষীদের উপস্থিতিতে ইজিবাইকে তল্লাশি চালানো হয়। এ সময় আব্দুর রহমানের দেখানো দুটি কালো পলিথিনের প্যাকেট থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১০ হাজার করে ইয়াবা ছিল। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইক ও যোগাযোগের কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহমান সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন এলাকায় সরবরাহের কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তার আব্দুর রহমান উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব-১৫।
