
নিজস্ব প্রতিবেদক,
দেশব্যাপী আওয়ামী লীগের অব্যাহত নৈরাজ্য, ষড়যন্ত্র ও দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে রাজশাহীর বাঘা উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বাঘা পৌর সদর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে বাঘা পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ শত শত সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ দেশের বাইরে বসে এবং দেশের অভ্যন্তরে নানা ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। কিন্তু ছাত্রদল ও যুবসমাজ তাদের কোনো অপচেষ্টা সফল হতে দেবে না। গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং জনগণের অধিকার রক্ষায় আমাদের রাজপথে সজাগ ও প্রস্তুত থাকতে হবে।
বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন তাঁর বক্তব্যে বলেন, জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে আওয়ামী লীগ এখন নৈরাজ্যের পথ বেছে নিয়েছে। দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে। বাঘার মাটি স্বৈরাচার ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন বাঘা উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মো. শফিকুল ইসলাম শফি, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তফি, সাবেক যুবদল নেতা আব্দুস সালাম, বাঘা উপজেলা বিএনপির সদস্য মুকুল এবং মহিলা দলের নেত্রী সেলিনা আক্তার শাপলাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টির সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান এবং নেতাকর্মীদের যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।
