
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।।
কুড়িগ্রাম পৌর টাউনহলে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘প্রচ্ছদ’-এর আয়োজনে মঞ্চস্থ হয়েছে নাটক ‘আজ কমন্ডলের ফাঁসি’। বিমল বন্দোপাধ্যায় রচিত কাল্পনিক গল্পনির্ভর এই নাটকটির নির্দেশনা দিয়েছেন পার্থ প্রতিম চক্রবর্তী। শুক্রবার রাতে প্রদর্শিত এই নাটকটি দেখতে টাউনহলে নাট্যামোদীদের ঢল নামে এবং পুরো হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
নাটক শুরুর আগে ‘প্রচ্ছদ’-এর সভাপতি দুলাল বোসের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “কুড়িগ্রামের সাংস্কৃতিক ইতিহাস অতি পুরোনো ও গৌরবময়। নাটক শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজকে সচেতন করা এবং প্রগতিশীল চেতনা জাগিয়ে তোলার অন্যতম শক্তিশালী শক্তি। প্রচ্ছদের এই নাট্যপ্রয়াস কুড়িগ্রামের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও বেগবান করবে এবং নতুন প্রজন্মকে সুস্থ সংস্কৃতিচর্চায় অনুপ্রাণিত করবে।”
আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নাট্য ব্যক্তিত্ব শ্যামল ভৌমিক।
বক্তারা কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ধারাক্রম বজায় রাখতে নিয়মিত নাট্যচর্চা ও সাহিত্য-সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। আলোচনা পর্ব শেষে মঞ্চস্থ হয় বহু প্রতীক্ষিত কাল্পনিক নাটক ‘আজ কমন্ডলের ফাঁসি’। পুরো পরিবেশনাজুড়ে দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও করতালি কুড়িগ্রামের প্রাণবন্ত নাট্যানুরাগকেই আরও একবার প্রমাণ করে। ////Mobile 01718070388
