
মোঃ ওসমান গনি (ইলি)কক্সবাজারঃ
পরিবর্তনের প্রত্যয়ে ও দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণদের সম্পৃক্ত করতে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত হলো জেলা ছাত্রদলের আয়োজিত বিশাল ‘তারুণ্যের সমাবেশ’। রোববার (২৩ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশকে ঘিরে ময়দানজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বিপুলসংখ্যক তরুণ–তরুণীর অংশগ্রহণে পুরো মাঠ প্রাঙ্গণ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন কক্সবাজার–৩ (সদর–রামু–ঈদগাঁও) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব লুৎফুর রহমান কাজল। তাঁর ভাষণে তিনি তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন—
“সুষ্ঠু, অবাধ ও জালিয়াতিমুক্ত নির্বাচন নিশ্চিত করতে হলে প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। আপনারা ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইবেন, মানুষকে উৎসাহিত করবেন এবং ভোটের দিন কেন্দ্র পাহারা দিয়ে জনগণের ভোটাধিকার রক্ষা করবেন।”
তিনি আরও বলেন,
“বাংলাদেশের বড় বড় আন্দোলনে সবসময় তরুণরা সামনে থেকেছে। ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধ, ৯১-এর গণতান্ত্রিক আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র আন্দোলন—সবক্ষেত্রেই তরুণরাই ছিলো পরিবর্তনের মূল শক্তি।”
তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরে কাজল বলেন,
“৩১ দফার আলোকে আমরা এমন একটি আধুনিক, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই যেখানে মানুষ মর্যাদার সঙ্গে বাঁচবে। এই রূপান্তরের প্রধান চালিকা শক্তি হবে তরুণ সমাজ।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন—
“জনগণের বিপদে–আপদে পাশে থাকুন, অন্যায় থেকে বিরত থাকুন। মানুষকে সম্মান করুন। তাহলেই জনগণ বিএনপিকে ভালোবাসবে ও ধানের শীষকে বিজয়ী করবে।”
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামিম আরা স্বপ্না। তিনি বলেন,
“ধানের শীষে ভোট দেওয়া মানে শুধু একটি প্রতীককে জেতানো নয়—এটি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। লুৎফুর রহমান কাজলকে বিজয়ী করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।”
তরুণদের উদ্দেশে তিনি আরও বলেন,
“আপনার একটি ভোটই পরিবর্তনের সূচনা করতে পারে। গণতন্ত্রের আলো জ্বালিয়ে রাখতে তরুণকেই নেতৃত্ব দিতে হবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন—
ফাহিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক কক্সবাজার জেলা ছাত্রদল;
মিজানুল আলম, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক;
ফারুক আজম, সাবেক সহ–সভাপতি;
মিনারুল কবির আল আমিন, সাবেক সাধারণ সম্পাদক কক্সবাজার শহর ছাত্রদল।
সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন রিপন এবং সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ–সভাপতি সাইফুর রহমান নয়ন।
উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে তারুণ্যের এ সমাবেশটি কক্সবাজারের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা, ঐক্য ও পরিবর্তনের প্রত্যয় সঞ্চার করেছে।
