
বদরুদ্দোজা প্রধান,পঞ্চগড়
পঞ্চগড়ের গণমাধ্যমকর্মীদের ঐতিহ্যবাহী সংগঠন পঞ্চগড় প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি সভা বুধবার দিনভর জেলা প্রশাসন ইকো পার্কে অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটির সদস্যদের আনুষ্ঠানিক পরিচিতি, মতবিনিময় এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা দিতে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্তরের প্রতিনিধিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। তিনি বলেন, পেশাদার সাংবাদিকতা যেকোনো জেলার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক তথ্য তুলে ধরার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব—এ কথা স্মরণ করিয়ে তিনি নতুন কমিটিকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন। তিনি বলেন, স্থানীয় সাংবাদিকদের জন্য এ সংগঠন শুধু একটি প্ল্যাটফর্ম নয়—এটি অভিন্ন স্বার্থ, পেশাগত উন্নয়ন ও নৈতিক অবস্থানের জায়গা। নতুন কমিটি সংগঠনের ঐতিহ্য বজায় রেখে আরও গতিশীল ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রবিউল ইসলাম। তিনি বলেন, প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। তথ্যপ্রবাহের স্বচ্ছতা বজায় রাখতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, পিপি অ্যাডভোকেট আদম সুফি, ইসলামী আন্দোলনের সহসভাপতি ক্বারী মুহাম্মদ আব্দুল্লাহ এবং খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মো. তুহিন।
সভার বিভিন্ন পর্যায়ে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, পরিচিতি সভা প্রস্তুতিমূলক কমিটির আহ্বায়ক ও সহসভাপতি সামসউদ্দীন চৌধুরী কালাম, সাংগঠনিক সম্পাদক ইনসান সাগরসহ অন্যান্য সদস্যরা। বক্তারা পেশাদারিত্ব, ন্যায়নিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের নিরাপত্তা এবং স্থানীয় সমস্যাগুলো তুলে ধরার গুরুত্ব নিয়ে কথা বলেন।
দিনব্যাপী এই পরিচিতি সভায় প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনাড়ম্বর আয়োজন হলেও পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আন্তরিকতা আর সৌহার্দ্যের পরিবেশ।
পঞ্চগড় প্রতিনিধি
