
নওগাঁ টু রাজশাহী আঞ্চলিক মহাসড়কে আবারো ঝরলো এক জনের প্রাণ। নারী ও ছোট শিশুসহ ৪ জন আহত। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটে শুক্রবার ১২ ডিসেম্বর বিকেল সোয়া ৪ টারদিকে নওগাঁ টু রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর থানাধীন নওহাটা পুলিশ ফাঁড়ি এলাকার রাণীপুকুর নামক স্থানে। নিহত ব্যাক্তি হলেন, রাণীপুকুর মোড়ের চা দোকানী ও পাশের শিকারপুর গ্রামের মৃত মোজাফ্ফর রহমান মন্ডলের ছেলে জিল্লুর রহমান মন্ডল (৪৯)। এছাড়া আহত ৪ জনের মধ্যে এক জন হলেন, শিকারপুর গ্রামের মৃত তাছের এর ছেলে মতিউর রহমান (৩৫)। অপর আহত নারী ও শিশুসহ ৩ জনের নাম-পরিচয় সংবাদ সংগ্রহকালে নিশ্চিত হওয়া যায়নি। স্থানিয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, ঘটনার সময় পাশের চৌমাশিয়ামোড় বাজারে যাওয়ার জন্য জিল্লুর রহমান ও মতিউর রহমান রাণীপুকুর মোড় নিচ বাজার থেকে মোটরসাইকেল যোগে রওনাদিয়ে সড়কের উপর কিছু দূরে যাওয়ার পর নওগাঁ থেকে রাজশাহী অভিমুখি অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় স্থানিয়রা ছুটে এসে দুটি মোটরসাইকেলে থাকা নারী ও শিশুসহ মোট ৫ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পস্ততিকালে জিল্লুর রহমানের মৃত্যু হয়। স্থানিয়রা নারী ও শিশুসহ ৪ জনকে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। স্থানিয়দের ধারনা, নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। দূর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে স্থানিয় নওহাটা ফাঁড়ি ও মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছেন বলেও জানান স্থানিয়রা। দূর্ঘটনায় এক জনের মৃত্যু ও ৪ জন আহতের সত্যতা নিশ্চিত করে
মহাদেবপুর থানায় অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, আইনি পক্রিয়া চলমান রয়েছে পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন নারী ও শিশুসহ ৩ জনের নাম- পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য- গত বুধবার বিকেলে একই সড়কের নওগাঁ থানাধীন হাপানিয়া বাজারের পাশে মুচির মোড় নামক স্থানে বাসের ধাক্কায় মোস্তফা ও মালেক নামে দু’ জন মোটরসাইকেল আরোহী দূর্ঘটনা স্থলেই মারা যায়।
