
মোঃ আব্দুর রহমান হেলাল
ভোলা জেলা প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই যোদ্ধা শরীফ হোসাইন হাদীকে গুলি করে হত্যার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে ভোলায় সর্বদলীয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে ভোলা শহরের কালীনাথ রায়ের বাজার হাটখোলা মসজিদ প্রাঙ্গণ থেকে প্রতীকী কফিন বহন করে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার চত্বরে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতা, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন। মিছিল চলাকালে “হাদীর হত্যার বিচার চাই”, “জুলাই যোদ্ধার রক্ত বৃথা যেতে দেব না”সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে ভোলা শহর।
নতুন বাজার চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, শরীফ হোসাইন হাদী ছিলেন গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে আপসহীন একজন সাহসী যোদ্ধা। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে।
বক্তারা আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষায় সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হাদী হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে আন্দোলন আরও বেগবান হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশ শেষে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিতে ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতাকর্মীরা।
