
মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধি:
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাই মনোনীত ভোলা-০৪ (চরফ্যাশন -মনপুরা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দিন’র আনুষ্ঠানিক প্রচারণা উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২জানুয়ারি) সকালে ভোলা-৪ (চরফ্যাশন – মনপুরা) আসনের নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে চরফ্যাশন থানা মডেল মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রফেসর কামাল উদ্দিন বলেন, আমি নির্বাচিত হলে চরফ্যাশন ও মনপুরার মানুষের কল্যাণে কাজ করব। আমার চরফ্যাশন ও মনপুরার মা,বোনরা আমাকে যে ভালোবাসা দিয়েছেন আমি তাদের এ প্রতিদান রাখব ইনশাআল্লাহ। বিশেষ করে শ্রমজীবী মানুষ, মৎস্যজীবী ও সাধারণ জনগণের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হবে। নদীভাঙন এ অঞ্চলের অন্যতম বড় সমস্যা। স্থায়ী নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ প্রকল্প গ্রহণ করা হবে।
ভোলা-বরিশাল সেতু নির্মাণ বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। এ বিষয়েও তিনি কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন সহজে ও সুলভে চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এসময় ইসলামি আন্দোলন বাংলাদেশ’র জেলা,উপজেলা,পৌরসভা, ইউনিয়ন, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় দায়িত্বশীল ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
