
বদরুদ্দোজা প্রধান,পঞ্চগড়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পঞ্চগড়-২ আসনের নির্বাচনী জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে সামনের দিকে নিতে হলে তারেক জিয়ার নেতৃত্বেই এগোতে হবে। এ নির্বাচন রাজনৈতিক সিদ্ধান্তের নির্বাচন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নির্বাচন।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে দেবীগঞ্জ উপজেলার দেবদারুতলায় দেবীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে এবং স্বাধীনতার চেতনায় বিশ্বাস না করা শক্তিকে বিশ্বাস না করার আহ্বান জানান।
বিএনপির মহাসচিব বলেন, ক্ষমতায় এলে পরিবারভিত্তিক ফ্যামেলি কার্ড চালু, কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদান, ঋণগ্রস্ত কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ এবং শিক্ষিত বেকার এক কোটি যুবক-যুবতীর কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। সমাবেশে তিনি বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের রায়ে নির্বাচিত হয়ে সৃজনশীল সরকার গঠন ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির লক্ষ্য।
সভাপতির বক্তব্যে দেবীগঞ্জ উপজেলা বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট গোলাম হাফিজ বলেন, দেবীগঞ্জে দিনরাত মাঠে কাজ করে যাচ্ছেন ফরহাদ হোসেন আজাদ। বিশেষ অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই।
জনসভায় আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন (তোবারক হ্যাপী), সাংগঠনিক সম্পাদক ও চিলাহাটি ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, ডা. নজরুল ইসলাম, দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ তুহিনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও মহিলা দলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
পঞ্চগড় প্রতিনিধি
০৮,০২,২০২৬
