
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুক লাইভে এসে তিনি এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি বলেন, দেবিদ্বারে নারী ভোটারদের সচেতন অংশগ্রহণ ও ভোট দেওয়ার আগ্রহ একটি “বিপ্লব” ঘটিয়েছে। তিনি বলেন, “আমার মা-বোনেরা বিপ্লব করে দিয়েছে। ‘আন্টি সোসাইটি’র কাছে আমি অনেক কৃতজ্ঞ।”
হাসনাত আরও বলেন, অনেক ক্ষেত্রে পুরুষ ভোটারদের মধ্যে রাজনৈতিক পার্থক্য থাকলেও নারীরাই পরিবারের সদস্যদের ভোটকেন্দ্রে নিয়ে আসতে ভূমিকা রেখেছেন।
ভোটগ্রহণ চলমান থাকা অবস্থায় তিনি দেশের বিভিন্ন এলাকার ভোটারদের উদ্দেশে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “যারা এখনও ভোট দেননি, কেন্দ্রে যান এবং ভোট প্রয়োগ করুন। যে যেই মার্কায়, যে দল পছন্দ তাকেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন।”
দেবিদ্বারের ভোটারদের উদ্দেশে তিনি তরুণ প্রজন্মের অংশগ্রহণের কথাও উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে কেন্দ্রে এসেছেন।
এদিকে, নির্ধারিত সময় অনুযায়ী ওই আসনে ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
