মোঃ রানা বিরামপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রাকের ইঞ্জিন বিকল হয়ে খুলনা মেইল ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকটি সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং চালক গুরুতর আহত হন।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার ঘোড়াঘাট রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা থেকে পশুখাদ্য (ফিড) বোঝাই একটি ট্রাক পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট ২০৫৮৬৮।ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি রেলক্রসিং পার হওয়ার সময় হঠাৎ রেললাইনের ওপর ইঞ্জিন বন্ধ হয়ে যায়। চালক ইঞ্জিন পুনরায় চালু করার চেষ্টা করেও ব্যর্থ হন। এসময় দ্রুতগামী খুলনা মেইল ট্রেন এসে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই ট্রাকটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।
দুর্ঘটনায় ট্রাকচালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে ট্রাকের হেলপার অক্ষত রয়েছেন বলে জানা গেছে।দুর্ঘটনার পর সাময়িকভাবে ওই রুটে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
