মোঃ ওসমান গনি (ইলি) কক্সবাজার :
চকরিয়া উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও স্থানীয় সরকার প্রতিনিধিদের অংশগ্রহণে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ ২০২৬ সকাল ১১টায় এ সংলাপের আয়োজন করে খান ফাউন্ডেশন। পালস বাংলাদেশ সোসাইটির বাস্তবায়ন সহযোগিতায় এবং এসডিসি, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায়, নাগরিকতা-জিএফএ’র কারিগরি সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার। সংলাপে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত), উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি ও এলজিইডি প্রতিনিধি। এছাড়াও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধি,
বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় সিভিল সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘ভয়েসেস ফর চেইঞ্জ’ প্রকল্পের জেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আবু ছালাম। তাকে সহযোগিতা করেন প্রকল্প কর্মকর্তা বেদানা খাতুন ও শামীমা ইয়াসমীন। সংলাপে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের দপ্তরের সেবার ধরন ও সেবা গ্রহণের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। একই সঙ্গে সেবা প্রাপ্তিতে নাগরিক ও স্থানীয় সংগঠনগুলোর করণীয় বিষয়েও আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, এ ধরনের সংলাপের মাধ্যমে নাগরিকরা সরকারি দপ্তরের সেবা সম্পর্কে সহজে জানতে পারেন।
তিনি সরকারি সেবায় বিদ্যমান সীমাবদ্ধতা দূর করতে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন এবং সরকারি দপ্তর, স্থানীয় সংগঠন ও সিভিল সোসাইটির সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। এ সময় ইউনিয়ন পরিষদের নারী সদস্যদের পুরুষ সদস্যদের সঙ্গে সমানভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করার আশ্বাসও প্রদান করেন। শেষে তিনি সময়োপযোগী এ আয়োজনের জন্য খান ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
