
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রামু উপজেলার রাজারকুলে স্থানীয় সেবাখাতে নাগরিক পরিবীক্ষণ কার্যক্রমের প্রাপ্ত তথ্য নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “Voices for Change Project” প্রকল্পের আওতায় কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল সুলতানিয়া ফোরকানিয়া মডেল নুরানী মাদ্রাসা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সভাটি আয়োজন করে আবদুল মোমেন খান মেমোরিয়াল ফাউন্ডেশন (খান ফাউন্ডেশন)। এতে বাস্তবায়ন সহযোগিতা প্রদান করে পালস বাংলাদেশ এবং আর্থিক সহযোগিতা করে সুইস ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া নাগরিকতা-জিএফএ এর কারিগরি সহায়তাও ছিল।
সভায় সভাপতিত্ব করেন রাজারকুল নাগরিক ফোরামের সভাপতি বোরহান উদ্দিন রব্বানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বানী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জুলফিকার আলী এবং রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান। এছাড়াও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “শিখর”-এর সভাপতি ও প্রতিনিধিবৃন্দ, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং নারী-পুরুষসহ স্থানীয় সেবাগ্রহণকারীরা অংশ নেন। সভায় খান ফাউন্ডেশনের জেলা প্রকল্প কর্মকর্তা ও অন্যান্য প্রকল্প কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, এ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো সেবাপ্রদানকারী ও সেবাগ্রহণকারীর মধ্যে আন্তঃসম্পর্ক জোরদার করা, সেবাখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সেবার মান উন্নয়ন করা।
উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সেবাগ্রহণকারীরা স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা তুলে ধরেন। তারা ইউনিয়নভিত্তিক মিনি অ্যাম্বুলেন্স চালু, কমিউনিটি ক্লিনিকে ডেলিভারি সেবা নিশ্চিত, সপ্তাহে অন্তত একদিন এমবিবিএস চিকিৎসকের উপস্থিতি, এএনসি ও পিএনসি সেবা বৃদ্ধি, জনগণের মতামত গ্রহণের জন্য পরামর্শ বাক্স স্থাপন, দৃশ্যমান স্থানে সিটিজেন চার্টার প্রদর্শন, দায়িত্বরতদের সরকারি সময়সূচি অনুযায়ী উপস্থিতি নিশ্চিতকরণ, চাহিদা অনুযায়ী ওষুধ সরবরাহ এবং সেবা সম্পর্কে ব্যাপক প্রচারণার দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বানী চৌধুরী সরকারের বিভিন্ন পরিকল্পনা ও সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন। তিনি বলেন, সিভিল সার্জন ও জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে উত্থাপিত সমস্যাগুলো সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে।
সভাপতির বক্তব্যে বোরহান উদ্দিন রব্বানী বলেন, সরকারি সেবাখাতে নাগরিক পরিবীক্ষণ একটি জনভিত্তিক প্রক্রিয়া, যা কমিউনিটি স্কোরকার্ডের মাধ্যমে পরিচালিত হয়। এর লক্ষ্য জনগণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন ও ক্ষমতায়িত করা, তথ্যগত ঘাটতি দূর করা এবং সেবাখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। তিনি আরও বলেন, নাগরিক নজরদারি বাড়লে স্থানীয় সেবাখাত শক্তিশালী হবে এবং এর সুফল ভোগ করবে সাধারণ জনগণ।
