

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার সার্বিক উন্নয়ন এবং জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সমাজসেবক ও জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক গণমাধ্যমকর্মী মোঃ ওসমান গনি (ইলি)। তিনি উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং সরকারি সেবার মানউন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতায় ঈদগাঁও উপজেলাও উন্নয়নের সুফল পেলেও এখনও অনেক গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান নিজস্ব ভবন ও প্রয়োজনীয় অবকাঠামো থেকে বঞ্চিত। ফলে প্রতিদিন সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি বিশেষভাবে ঈদগাঁও উপজেলা প্রশাসনিক কমপ্লেক্স ভবন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সমাজসেবা কার্যালয়, এলজিইডি কার্যালয়, কৃষি সম্প্রসারণ অফিস, যুব উন্নয়ন অফিস, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং অন্যান্য সরকারি দপ্তরের আধুনিক ও স্থায়ী ভবন একটি সরকারি হাসপাতাল নির্মাণের দাবি জানান। পাশাপাশি উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে নতুন প্রকল্প গ্রহণের আহ্বান জানান।
মোঃ ওসমান গনি ইলি বলেন,ঈদগাঁও উপজেলা প্রতিষ্ঠার পর জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে। কিন্তু প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। একটি আধুনিক ও জনবান্ধব উপজেলা গড়ে তুলতে দ্রুত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা নির্মাণ অত্যন্ত জরুরি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন এবং সাবেক তিন তিন বারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জনকল্যাণমূলক কর্মকাণ্ড দেশের মানুষের কাছে আজও স্মরণীয়। তাঁদের উন্নয়ন ভাবনার ধারাবাহিকতায় ঈদগাঁওসহ কক্সবাজারের সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সময়ের দাবি।স্থানীয় জনগণের পক্ষ থেকে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিনীত অনুরোধ জানিয়ে বলেন, ঈদগাঁও উপজেলার উন্নয়নে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়িত হলে এ অঞ্চলের কয়েক লাখ মানুষ সরাসরি উপকৃত হবে। একই সঙ্গে সরকারি সেবার মান বৃদ্ধি পাবে এবং উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
তিনি আশা প্রকাশ করেন, সরকারের আন্তরিক উদ্যোগ ও সুদৃষ্টির মাধ্যমে অচিরেই ঈদগাঁও উপজেলা একটি আধুনিক, পরিকল্পিত ও উন্নত উপজেলায় পরিণত হবে এবং জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।
