
মোঃ ওসমান গনি ইলি কক্সবাজার:
এক ব্যাগ রক্ত, বাঁচাতে পারে একটি জীবন এই মানবিক প্রত্যয়কে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে প্রসূতি জটিলতা, অস্ত্রোপচার, দুর্ঘটনা এবং গুরুতর অসুস্থ রোগীদের জন্য নিরাপদ রক্তের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)-এর পপুলেশন মুভমেন্ট অপারেশন (পিএমও) এ কর্মসূচির আয়োজন করে। রক্তদাতাদের নিবন্ধন, স্বাস্থ্য পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, হিমোগ্লোবিন পরীক্ষা এবং যোগ্যতা যাচাই শেষে রক্ত সংগ্রহ করা হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, মোট ২০ জন অংশগ্রহণকারীর স্বাস্থ্যগত স্ক্রিনিং সম্পন্ন করা হয়। এর মধ্যে ১৭ জন সফলভাবে রক্তদান করেন। তাদের এই মহৎ ও মানবিক অবদান ভবিষ্যতে জরুরি মুহূর্তে অসংখ্য রোগীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আহসান উল্লাহ সিকদার, আরআরআরসি অফিসের স্বাস্থ্য সমন্বয়কারী ডা. তোহা ভূঁইয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাব-অফিস প্রধান ডা. ত্রান মিন নু নগুয়েন, বিডিআরসিএস-এর হেলথ অ্যান্ড কেয়ার ম্যানেজার ডা. মেসবাহউদ্দিন আহমেদসহ স্বাস্থ্যখাতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
পপুলেশন মুভমেন্ট অপারেশনের পরিচালক ও হেড অব অপারেশন আকরাম আলী খান কর্মসূচির সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন এবং এর সফল বাস্তবায়নে নেতৃত্ব দেন। স্বাস্থ্য সেক্টর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বাংলাদেশের কারিগরি ও লজিস্টিক সহায়তায় বাস্তবায়িত এই উদ্যোগ নিরাপদ রক্তসেবা নিশ্চিতকরণের পাশাপাশি ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য আরও কার্যকর ও মানবিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন। মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান একটি অনন্য দৃষ্টান্ত। এ ধরনের উদ্যোগ সমাজে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে আরও বেশি মানুষকে রক্তদানে উৎসাহিত করবে। গত ১৬ জুন ২০২৬ তারিখে উখিয়ার ফিল্ড হাসপাতালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে পিএমও’র কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
