মোঃ শরীফুল আজম (বাবু)
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাশেমবাজার এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ইউনুস আলী দুখুর উদ্যোগে শুক্রবার বাদ জুমা হাশেমবাজার চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন ও সমাবেশে স্থানীয় আলেম-ওলামা, মসজিদ কমিটির সদস্য, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার শত শত সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান উদ্যোক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ইউনুস আলী দুখু। এছাড়াও বক্তব্য রাখেন খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানি, ইউপি সদস্য মোঃ মোস্তাক আহম্মেদ, ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি আব্দুল রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, মাদক ও জুয়া আমাদের পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। এই সামাজিক ব্যাধি নির্মূলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা বিশেষ করে যুবসমাজকে মাদক ও জুয়ার ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের অপরাধ দমনে প্রশাসনের কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।
তারা আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকার মাধ্যমেই এই অপরাধ প্রতিরোধ করা সম্ভব।
১৯/০৬/২৬ইং
