
ঠাকুরগাঁও প্রতিনিধি : চির নিদ্রায় শায়িত হলেন
বিশিষ্ট রাজনীতিক, ঠাকুরগাঁও জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি
সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন। আজ শনিবার বাদ যোহর দ্বিতীয় নামাজের জানাযা শেষে তাকে শহরের সেনুয়া পুরাতন গোরস্থানে দাফন করা হয়। এর আগে মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয় শনিবার বেলা সাড়ে ১২ টায় পাঠাগার মাঠে। এর আগে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সর্বস্তরের মানুষ তাঁকে শেষ বারের মতো শ্রদ্ধা নিবেদন করেন। সে সময় ঠাকুরগাঁও প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখাসহ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এসময় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মনসুর আলী, জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড: শহীদ উজ জামান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক প্রফেসর মনতোষ কুমার দে, ঠাকুরগাঁও জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম মরহুমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন। সে সময় মরহুমের আত্নার শান্তি কামনায় ১ মিনিট নিরবতাও পালন করা হয়।
তার আগে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন কে গার্ড অফ অনার প্রদান করা হয়।
সৈয়দ মেরাজুল হোসেন তাঁর কর্মময় জীবনে আবদুর রশিদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। এছাড়া তিনি ঠাকুরগাঁও প্রেসক্লাবের কয়েকবার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়াও তিনি ১৯৭২ সাল হতে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর জেলা সংবাদদাতা ছিলেন ২০১৮ সাল পর্যন্ত। অন্যদিকে জনপ্রিয় ইংরেজি দৈনিক দি ডেইলি অবজারভার এর পাকিস্তান আমল থেকে ২০১৪ সাল পর্যন্ত যথাক্রমে পাকিস্তান অবজারভার, বাংলাদেশ অবজারভার ও পরবর্তীতে যা ডেইলি দি অবজারভারে রুপ নেয় সেখানে ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখা, উদীচী শিল্পী গোষ্ঠী, ঠাকুরগাঁওসহ বিভিন্ন সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্বও পালন করেন।
তাছাড়াও ঠাকুরগাঁওয়ের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কাজ করে তিনি সমাদৃত হন। 
উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আব্দুর রশিদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ, প্রবীণ সাংবাদিক ও বর্ষীয়ান রাজনীতিবিদ এবং জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন চৌধুরী ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গতকাল ১৯/০৬/২০২৬ ইং তারিখ রোজ শুক্রবার দুপুর ২.০০ টায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
মো: আসাদুজ্জামান আসাদ
ঠাকুরগাঁও প্রতিনিধি
২০.০৬.২০২৬
