দৃষ্টি প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধি ও চিকিৎসায় অগ্রাধিকার সহ ৩ দফা দাবি
রাকিব হোসেন ঢাকা:
আন্তর্জাতিক সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধিসহ ৩ দফা দাবি জানিয়েছে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা। দিবসটি উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বর্তমান সরকারের কাছে এসব দাবি তুলে ধরে সংস্থাটি।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছর এই দিনে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার পক্ষ থেকে অন্তত ১,০০০ জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সাদাছড়ি বিতরণ করা হলেও এ বছর বিভিন্ন জটিলতার কারণে সাদাছড়ি বিতরণ সম্ভব হয়নি। তবে দিবসটি পালন উপলক্ষে আয়োজিত র্যালির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হেরিটেজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, প্রকৃতি ও নগর সৌন্দর্যবিদ জনাবা রাফেয়া আবেদীন।
প্রেস ব্রিফিংয়ে সংস্থার পক্ষ থেকে বর্তমান সরকারের কাছে ৩টি প্রধান দাবি পেশ করা হয়:
১. ভাতা বৃদ্ধি: দৃষ্টি প্রতিবন্ধীদের বর্তমান ভাতা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকায় উন্নীত করা।
২. চিকিৎসা সেবায় অগ্রাধিকার: সরকারি, বেসরকারি ও আধাসরকারি হাসপাতাল এবং প্যাথলজি বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে স্বল্পমূল্যে দৃষ্টি প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা।
৩. কর্মসংস্থান: দৃষ্টি প্রতিবন্ধীদের যোগ্য সন্তানদের যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা।
সংবাদ সম্মেলনে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জানান, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও বলিষ্ঠ লেখার মাধ্যমেই দেশের বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব। এজন্য দৃষ্টি প্রতিবন্ধীদের এসব ন্যায্য দাবিগুলো প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারের মাধ্যমে সহযোগিতা করার আহ্বান জানান তারা।
