
বিপ্লব তালুকদার:নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে একজনকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের বাসুদেবপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় নলডাঙ্গা থানার এএসআই (নিরস্ত্র) মো: শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বাসুদেবপুর এলাকায় আশিষ কুমারের বসতবাড়ি থেকে শ্রী আশিষ কুমার (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেন। তিনি সমর চন্দ্র ও ঝুমুর রানীর ছেলে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী মাদকদ্রব্য সেবন করে জনশান্তি বিঘ্নিত করার অভিযোগে তাকে আটক করা হয়। এ সময় তিনি মাদক সেবনের কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডাদেশের পর প্রাথমিক চিকিৎসা শেষে নলডাঙ্গা থানা পুলিশ তাকে নাটোর জেলা কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
