
আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাস্থল মাদ্রাসা মাঠের কাছাকাছি একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল আনুমানিক ৯টার দিকে নগরীর রাজপাড়া থানাধীন শাহ মখদুম ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির দক্ষিণ পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলটি জনসভাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর।
পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। পুকুরে গোসল করতে নেমে দুর্ঘটনাবশত তাঁর মৃত্যু হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জনসভাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
