
সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দীর্ঘদিনের ব্যবসায়িক মন্দা, পুঁজি সংকট ও ব্যাংকঋণের চাপ সামলাতে না পেরে বন্ধ হয়ে গেছে হার্ডওয়্যার ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স নবাব ট্রেডার্স। একসময় ক্রেতাদের কাছে পরিচিত এই প্রতিষ্ঠানটি শেষ পর্যন্ত লোকসানের ভারে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছে। এতে আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জিয়াউর রহমান।
রাণীশংকৈল পৌর শহরের পাঁচপীর গোরস্থানসংলগ্ন এলাকায় অবস্থিত নবাব ট্রেডার্স দীর্ঘদিন ধরে হার্ডওয়্যার ও স্যানিটারি পণ্যের ব্যবসা পরিচালনা করে আসছিল। তবে সাম্প্রতিক সময়ে ব্যবসায়িক মন্দা, পণ্যের মূল্যবৃদ্ধি, ব্যাংকঋণের সুদ এবং ক্রেতাদের কাছে বকেয়া টাকা আটকে থাকায় প্রতিষ্ঠানটির আর্থিক সংকট ক্রমেই বাড়তে থাকে। একপর্যায়ে ব্যবসা পরিচালনার ব্যয় নির্বাহ ও ঋণ পরিশোধ অসম্ভব হয়ে পড়লে দোকানটি বন্ধের সিদ্ধান্ত নেন মালিক।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জিয়াউর রহমান জানান, দীর্ঘদিন ধরে তিনি নবাব ট্রেডার্সের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। কিন্তু মাঝপথে ব্যবসায়িক মন্দা দেখা দেওয়ায় ধীরে ধীরে আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। নতুন করে ব্যাংকঋণ না পাওয়া, স্যানিটারি পণ্যের দাম বৃদ্ধি, ব্যাংকঋণের সুদ, কর্মচারীদের বেতন ও দোকানভাড়াসহ নানা ব্যয় তাঁর ওপর বাড়তি চাপ তৈরি করে।
তিনি বলেন, বিভিন্ন খুচরা ও পাইকারি ক্রেতার কাছে তাঁর উল্লেখযোগ্য পরিমাণ টাকা পাওনা রয়েছে। কিন্তু সময়মতো সেই টাকা আদায় না হওয়ায় ব্যাংকের কিস্তি ও ঋণের সুদ পরিশোধ করা সম্ভব হয়নি। অন্যদিকে ব্যবসার বেচাকেনা আশানুরূপ না হওয়ায় পুঁজির সংকট আরও প্রকট হয়েছে। সব মিলিয়ে আজ তিনি নিঃস্ব হয়ে ঋণের বোঝা নিয়ে দিন কাটাচ্ছেন।
আক্ষেপ প্রকাশ করে জিয়াউর রহমান আরও বলেন, নতুন করে ব্যাংকঋণ পেলে, পাওনাদাররা পাওনা পরিশোধে কিছুটা সময় দিলে এবং যাঁদের কাছে তাঁর টাকা পাওনা রয়েছে, তাঁরা দ্রুত তা পরিশোধ করলে আবারও নবাব ট্রেডার্স চালু করা সম্ভব হতে পারে।
স্থানীয় ব্যবসায়ীদের মতে, একটি ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার পেছনে যেমন থাকে দীর্ঘদিনের পরিশ্রম, বিনিয়োগ ও স্বপ্ন, তেমনি নানা প্রতিকূলতার মধ্যেও সেটি টিকিয়ে রাখা বড় চ্যালেঞ্জ। নবাব ট্রেডার্স বন্ধ হয়ে যাওয়ার ঘটনা স্থানীয় ব্যবসায়ীদের জন্যও একটি হতাশাজনক পরিস্থিতির চিত্র তুলে ধরেছে।
