
স্টাফরিপোর্টার : বিএনপির সংসদীয় দলের বৈঠকে বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন দলটির সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যের একপর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চান।
বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে দলটির সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দলীয় ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সংসদ সদস্যদের যোগাযোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় বিএনপির চিফ হুইপ নুরুল ইসলাম মনি রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে সংসদ সদস্যদের অবহিত করেন। তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। রাষ্ট্রপতি নির্বাচিত হলে তার বর্তমান সংসদীয় আসনটি শূন্য হবে বলেও বৈঠকে জানানো হয়।
নিজের বিদায়ী বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের দীর্ঘ রাজনৈতিক পথচলার নানা স্মৃতি তুলে ধরেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, দলের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব তিনি সবসময় নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করেছেন। রাজনৈতিক জীবনে তার কোনো ভুলত্রুটি হয়ে থাকলে কিংবা তার কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থনা করেন।
রাষ্ট্রপতি হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের সম্ভাবনার কথা উল্লেখ করে ফখরুল বলেন, দলীয় সহকর্মীদের তিনি সবসময় মনে রাখবেন। এ সময় তিনি সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করেন এবং রাষ্ট্রপতি নির্বাচনে তার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
ফখরুলের বক্তব্যের সময় বৈঠকে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত কয়েকজন সংসদ সদস্যের ভাষ্য অনুযায়ী, তার বক্তব্যে দলের চেয়ারম্যান তারেক রহমানও আবেগাপ্লুত হয়ে পড়েন।
পরে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক ভূমিকার প্রশংসা করেন এবং দলের কঠিন সময়ে তার নেতৃত্ব ও ভূমিকার কথা তুলে ধরেন। নানা প্রতিকূলতার মধ্যেও দলকে এগিয়ে নিতে ফখরুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে উল্লেখ করেন তিনি।
তারেক রহমান বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাষ্ট্রের সর্বস্তরে জবাবদিহি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে দলীয় ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি অটুট রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও সংসদ সদস্যদের দিকনির্দেশনা দেন বিএনপির চেয়ারম্যান। দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনকে গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি জনগণের সঙ্গে সংসদ সদস্য ও নেতাকর্মীদের যোগাযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, সংসদ সদস্যদের সঙ্গে তৃণমূল নেতাকর্মীদের কোনো ধরনের দূরত্ব থাকা উচিত নয়। দলীয় শৃঙ্খলা বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিএনপির সংসদীয় দলের এ বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিদায়ী বক্তব্য এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
