টাঙ্গাইল প্রতিনিধি (আতিকুর রহমান খোকন ) : ধনবাড়ীর বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। একের পর এক ছিনতাইয়ের অভিযোগে অনেক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলছেন, “ধনবাড়ী এখন যেন দ্বিতীয় মোহাম্মদপুরে পরিণত হয়েছে।”
বিশেষ করে মোটরসাইকেলে এসে পথচারীদের ব্যাগ, মোবাইল ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় আতঙ্ক বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, দিনের বেলাতেও নিরাপত্তাহীনতা অনুভূত হচ্ছে এবং সন্ধ্যার পর অনেকেই একা বাইরে বের হতে ভয় পাচ্ছেন।
সর্বশেষ আজ ধনবাড়ী বাসস্টেশন এলাকায় একটি স্কুলের এক শিক্ষকের ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ১৮ আগস্ট সন্ধ্যায় ধনবাড়ী বাজার-তালতলা সড়কে সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষিকা আরতী রাণী দাস মোটরসাইকেলে আসা এক ছিনতাইকারীর কবলে পড়েন বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যাগ টেনে নেওয়ার সময় তিনি রাস্তায় পড়ে আহত হন। তার ব্যাগে টাকা, জাতীয় পরিচয়পত্র, দুটি মোবাইল ফোনসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল বলে তিনি জানিয়েছেন।
একদিন শিক্ষিকা, পরদিন শিক্ষক, এরপর কে? এই প্রশ্ন এখন ধনবাড়ীর সাধারণ মানুষের। দিনের আলো থেকে সন্ধ্যা পর্যন্ত যদি মানুষ নিজের ব্যাগ, মোবাইল, টাকা-পয়সা এমনকি পথচারী নারীদের গলায় থাকা স্বর্ণের চেইনও ছিনতাই হওয়ার আতঙ্কে থাকে, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? রাস্তায় বের হলেই যদি জানমাল ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকতে হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
স্থানীয়দের ভাষায়, “ধনবাড়ীতে এখন যেন ত্রাসের রাজত্ব চলছে।” তবে এসব অভিযোগের সামগ্রিক পরিসংখ্যান বা আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া গেলে পরিস্থিতির প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে।
সার্কেল অফিসারের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক ঘটনায় ভুক্তভোগীরা মামলা বা লিখিত অভিযোগ করতে এগিয়ে না আসায় পুলিশের পক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে। তবে সাধারণ মানুষের প্রশ্ন, প্রতিদিন নতুন নতুন ছিনতাইয়ের অভিযোগ সামনে আসার পরও কেন অপরাধীদের দৌরাত্ম্য বন্ধ হচ্ছে না?
এলাকাবাসী দ্রুত পুলিশি টহল বৃদ্ধি, মোটরসাইকেলভিত্তিক ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান, গুরুত্বপূর্ণ সড়কে নজরদারি এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মানুষের প্রশ্ন, নিজের শহরেই যদি নিরাপদে চলাচল করা না যায়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? ধনবাড়ীতে স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ এখন জরুরি।
ধনবাড়ীর বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ক্রমবর্ধমান ছিনতাইয়ের ঘটনায় আমরা ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়, উপজেলা বিএনপির সভাপতি, সংশ্লিষ্ট সার্কেল অফিসার এবং ধনবাড়ী থানার ওসি মহোদয়ের জরুরি দৃষ্টি আকর্ষণ করছি।
