
মোঃ হাসান ফরাজী (বোরহানউদ্দিন):
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারের ডি,টি,এম মাধ্যমিক বিদ্যালয় মাঠে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কুঞ্জেরহাট হকিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬। বিসমিল্লাহির ইলেকট্রনিকসের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ফরাজি স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হাওলাদার বাড়ি একাদশ।
রোববার (২৩ আগস্ট) বিকেল ৪টায় ডি,টি,এম মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল ফরাজি স্পোর্টিং ক্লাব ও হাওলাদার বাড়ি একাদশ।
খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতা করে। ম্যাচের প্রথম অধ্যায় হাওলাদার বাড়ি একাদশ একটি গোল করে এগিয়ে যায়। এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের ব্যবধানে জয় পায় হাওলাদার বাড়ি একাদশ।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে মার্সেল ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রফি ও মার্সেল ব্র্যান্ডের একটি ফ্রিজ তুলে দেওয়া হয়। অন্যদিকে রানার্সআপ ফরাজি স্পোর্টিং ক্লাবের অধিনায়কের হাতে মার্সেল ব্র্যান্ডের একটি টিভি ও ট্রফি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মার্সেল ব্র্যান্ডের হেড অব বিজনেস হুসাইন মুহাম্মদ রুহিন সাব্বির বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি তরুণদের মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও প্রতিযোগিতার মানসিকতা তৈরি হয়। আমরা চাই, দেশের প্রত্যন্ত অঞ্চলেও খেলাধুলার এমন আয়োজন আরও বেশি হোক এবং তরুণরা ক্রীড়াঙ্গনে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাক।
তিনি আরও বলেন, কুঞ্জেরহাটে এত সুন্দর একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও খেলাধুলা ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করতে মার্সেল ব্র্যান্ডের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।
ফাইনাল খেলাটি পরিচালনা করেন জয়, সোহাগ, মুন্না, রুবেল ,রমজান কাজি ও আলামিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্সেল ব্র্যান্ডের হেড অব বিজনেস হুসাইন মুহাম্মদ রুহিন সাব্বির, সেলস ইনচার্জ নুরুল ইসলাম রুবেল, ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসেন মৃধা, এরিয়া ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম; স্ট্যান্ডআপ কমেডিয়ান ও অভিনেতা আবু হেনা রনি, শেখ সাদী হাওলাদার কাচিয়া দক্ষিণ বিএনপির সভাপতি ,হেলাল উদ্দিনমায সিনিয়র সহ-সভাপতি মারুফ, সাধারণ সম্পাদক শাহিন হাওলাদার, এবং ডি,টি,এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবল চন্দ্র দে সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ফাইনাল ম্যাচকে ঘিরে ডি,টি,এম মাধ্যমিক বিদ্যালয় মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
