
নুরনবী বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৩নং দেউলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চাঁন মিয়ার হাট বাজারে মালিকানাধীন নিষ্কণ্টক জমি রাতের আঁধারে জবরদখল ও অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। আইন-কানুন ও সামাজিক শালিস-দরবার তোয়াক্কা না করে জমি দখলের এই ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় ভুক্তভোগীরা জমির অধিকার রক্ষা এবং অন্যায়ের প্রতিকারে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
ভুক্তভোগীদের বিবরণ সূত্রে জানা যায়, তৌজি নং-৩২, জেএল নং-৫৬, আরএস খতিয়ান নং-৬, এসএ খতিয়ান নং-১৯১, এসএ দাগ নং-৬৬৩, বিএস খতিয়ান নং-৭৪৯ এবং বিএস দাগ নং-২২১৬-এর অন্তর্ভুক্ত মোট ৭৫ শতাংশ জমি ক্রয়সূত্রে তারা মালিক হয়ে দীর্ঘদিন ধরে স্বত্বভোগ করে আসছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে স্থানীয় একদল প্রতিপক্ষ এই জমি দখলের অপচেষ্টায় লিপ্ত হয়।
বিষয়টি নিরসনে এলাকায় একাধিকবার স্থানীয় মাতব্বর ও বিজ্ঞ শালিসকারীদের উপস্থিতিতে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। শালিস বৈঠকে ভুক্তভোগীদের দাখিলকৃত দলিল ও খতিয়ানসহ প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে শালিসগণ তাদের পক্ষে স্পষ্ট শালিস প্রতিবেদন প্রদান করেন। কিন্তু বিবাদীরা শালিসের রায় অমান্য করে সমাজের একটি কুচক্রী মহলের ইন্ধন ও ছত্রচ্ছায়ায় গায়ের জোরে জমি দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সর্বশেষ গত রাতে বিবাদীগণ বেআইনিভাবে উক্ত জমিতে একটি পাকা ইমারত এবং পাঁচটি টিনের ছাফরা দোকানঘর নির্মাণ করে জমিটি জবরদখল করে নেয়। রাতের আঁধারে ঘর তুলে জমি দখলের এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
ভুক্তভোগী পরিবার জানায়, “আমরা সমস্ত বৈধ কাগজপত্রের মালিক হওয়া সত্ত্বেও প্রতিপক্ষরা স্থানীয় একটি কুচক্রী মহলের ইন্ধনে ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের সম্পত্তি দখল করে নিয়েছে। বিজ্ঞ শালিসদের সিদ্ধান্তও তারা অমান্য করছে।”
এমতাবস্থায়, অনতিবিলম্বে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করে নিজেদের নিষ্কণ্টক জমির দখল পুনরুদ্ধার এবং জবরদখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের জন্য ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর আকুল আবেদন ও কঠোর হস্তক্ষেপ দাবি করছেন।
