
আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর বাঘা উপজেলায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির আয়োজনে নারীদের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় ব্র্যাক বাঘা এলাকা অফিসের ট্রেনিং রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ব্র্যাক সেলপ কর্মসূচির উপজেলা কর্মকর্তা মোঃ মোমিনুল ইসলামের পরিচালনায় প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক বাঘা শাখার ম্যানেজার (দাবি) মোঃ সোহেল রানা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিও, সেলপ মোঃ মমিনুল ইসলাম।
প্রশিক্ষণে ব্র্যাক আইন সহায়তা কেন্দ্র থেকে সেবা গ্রহণকারী ১৫ জন নারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে নারীদের আর্থিক ক্ষমতায়নের পথ সুগম করতে সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন উদ্যোগ, সুযোগ-সুবিধা এবং তা কাজে লাগানোর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় নারীদের সম্পদের মালিকানায় অংশগ্রহণ বৃদ্ধি, নিজস্ব সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি জীবনের কঠিন পরিস্থিতিতে ভেঙে না পড়ে কীভাবে নিজের প্রতি আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি করা যায়, সে বিষয়েও আলোচনা করা হয়।
প্রশিক্ষণে সংসার ও নিজের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে আয়-ব্যয়ের খাত তৈরি, সঠিকভাবে অর্থ ব্যবস্থাপনা এবং ভবিষ্যতের জন্য নিরাপদ আর্থিক তহবিল গড়ে তোলার* প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বক্তারা বলেন, পরিকল্পিতভাবে আয়-ব্যয় পরিচালনা ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে পারলে নারীরা নিজেদের পাশাপাশি পরিবারের আর্থিক নিরাপত্তা ও শান্তিময় ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
প্রশিক্ষণের শেষ পর্যায়ে অংশগ্রহণকারী নারীরা তাঁদের অনুভূতি ও প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান তুলে ধরেন এবং নিজেদের ও পরিবারের জন্য একটি সুন্দর, নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। পরে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়।
