
মোঃ শরীফুল আজম (বাবু)
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ দুই যুবককে আটক করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে গাইবান্ধা সদর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পলাশপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন,গাইবান্ধা সদর উপজেলার পলাশপাড়া এলাকার মো. নুরুল ইসলামের ছেলে সুমন মিয়া (৩৩) এবং মৃত চাঁন মিয়ার ছেলে মো. আরিফুল (৩২)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের কঠোর ও ধারাবাহিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আব্দুল মুত্তালিব সরকারের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে সুমন মিয়ার টিনশেড বসতবাড়ির দক্ষিণ দুয়ারী শয়নকক্ষে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দুজনকে আটক করা হয়।
অভিযানকালে সুমন মিয়ার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো কমলা রঙের ৫১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া কথিত হেরোইন উদ্ধার করা হয়। একই সময় আরিফুলের পরিহিত গ্যাভার্ডিন প্যান্টের সামনের বাম পকেট থেকে একই ধরনের ৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া কথিত হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক), ৮(ক) ও ৩৬(৫) ধারায় গাইবান্ধা সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানকে আরও জোরদার করার পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা মনে করছেন, মাদকবিরোধী এ ধরনের ধারাবাহিক অভিযান অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশেষ করে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আব্দুল মুত্তালিব সরকার ও তাঁর নেতৃত্বাধীন টিম মাদকবিরোধী অভিযানসহ অপরাধ নিয়ন্ত্রণে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
