ছবিযুক্ত:

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বার্ষিক বিজ্ঞান মেলা, বির্তক প্রতিযোগিতা,স্কুল ডে ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী উৎসবের উদ্বোধন করা হয়েছে। সেন্ট মাদার তেরেজা স্কুলের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে আজ শনিবার দুইদিন ব্যাপি এসব কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আরিফুল্লা। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এপি ম্যানেজার পিকিং চাম্বুগং, ঠাকুরগাঁও মিশনের পাল পুরোহিত ফাদার জসীম ফিলিপ মুর্মু, ঠাকুরগাঁও জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও সেন্ট মাদার তেরেজা স্কুলের প্রধান শিক্ষক সিস্টার স্বপ্না গমেজ (সিআইসি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর ধর্ম প্রদেশ এর ডিডি বিশপ ড: সেবাস্টিনয়ান টুডু। এসময় সেন্ট মাদার তেরেজা স্কুলের ইংরেজি ও সহকারী শিক্ষক রবিউল ইসলাম, সহকারী শিক্ষক আবদুস সালামসহ বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা -কর্মচারি ও শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী পর্বের পরে ফিতা কেটে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এরপরে অতিথিবৃন্দ বিজ্ঞান মেলায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের করা বিজ্ঞান প্রযুক্তি ভিত্তিক প্রকল্পগুলো পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করে আরো এ বিষয়ে মনোযোগী হবার পরামর্শ দেন। পরে সেখানে বিদ্যালয়ের দুটি বিতর্ক দলের মধ্য জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ও কবিতার মধ্যে কোন বেশি জনপ্রিয় শীর্ষক বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ এতে পক্ষ দল তাদের শানিত যুক্তি তর্ক উপস্থাপনের মধ্যে দিয়ে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হন নবম শ্রেণির শিক্ষার্থী নুসরাত মায়মুনা। এর আগে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিদ্যালয়ের শিল্পীবৃন্দ।
উল্লেখ্য, বিজ্ঞান মেলা, বির্তক প্রতিযোগিতা, স্কুল ডে, ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী উৎসব আগামী দুইদিন ব্যাপি চলমান থাকবে। শনিবার ও রোববার গান, নৃত্য, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন বিভাগে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামীকাল ১৩ই সেপ্টেম্বর রোববার এ উপলক্ষে দিনব্যাপি সাংস্কৃতিক প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণীর মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার।
মো: আসাদুজ্জামান আসাদ
ঠাকুরগাঁও
