
ভোলা প্রতিনিধি:-
ভোলার বোরহানউদ্দিনে দুই কন্যাসন্তানকে রেখে স্ত্রী অন্য এক ব্যক্তির সঙ্গে চলে গেছেন বলে অভিযোগ করেছেন প্রবাসী রিয়াজ। একই সঙ্গে যাওয়ার সময় তার জমানো টাকা-পয়সা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী প্রবাসী রিয়াজের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি প্রবাসে থেকে পরিবারের জন্য অর্থ উপার্জন করে আসছিলেন। তার জমানো টাকা-পয়সা ও স্বর্ণালংকার স্ত্রী নিয়ে যাওয়ার পর তিনি বিষয়টি জানতে পারেন। তবে সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে তার দুই কন্যাসন্তানের নিরাপত্তা।
রিয়াজের দাবি, স্ত্রী যে ব্যক্তির সঙ্গে চলে গেছেন বলে তিনি অভিযোগ করছেন, ওই ব্যক্তির বিভিন্ন ছবি ও তথ্যের মাধ্যমে তার দুই কন্যাসন্তানকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এমন হুমকির কারণে সন্তানদের নিয়ে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।
তিনি বলেন, নিজের সন্তানদের কোনো ধরনের ক্ষতি হোক—এমন আশঙ্কায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। প্রবাসে অবস্থান করায় পরিস্থিতি নিয়ে তার উদ্বেগ আরও বেড়েছে। সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করা এখন তার প্রধান দাবি।
রিয়াজ আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সহযোগিতা প্রত্যাশা করছেন। তার দাবি, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে হুমকির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হোক এবং তার দুই কন্যাসন্তানের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
এ বিষয়ে ভুক্তভোগী প্রবাসী রিয়াজ সরকার, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং তার সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
