
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, কৃষি উৎপাদনে সার একটি অপরিহার্য ও মৌলিক উপকরণ, যা সরাসরি মানুষের খাদ্য নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত। অথচ প্রয়োজনের সময়ে অনেক কৃষক সার পাচ্ছেন না। কোথাও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হচ্ছে, আবার কোথাও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার কিনতে হচ্ছে। শনিবার (১২ সেপ্টেম্বর) কুড়িগ্রামের রাজারহাট সমবায় মার্কেট প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজারহাট উপজেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, সার সংকটের মূল কারণ সরকারের অব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের দুর্বলতা। কোথাও ডিলারের গুদামে সার নেই বলা হলেও পরে তা অন্যত্র বেশি দামে বিক্রির অভিযোগ উঠছে। এমন পরিস্থিতিতে কৃষকদের দুর্ভোগ বাড়ছে। চরমোনাই পীর বলেন, ‘আমার কুড়িগ্রামের মানুষ কৃষিকাজ করে জীবন নির্বাহ করে। তারা যদি সময়মতো সার না পায়, তাহলে তাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়বে। একই সঙ্গে দেশে খাদ্য উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। এমন জনগুরুত্বপূর্ণ বিষয়েও সরকারের অবহেলা ও উদাসীনতা মেনে নেওয়া যায় না।’ তিনি বলেন, ‘সরকার বলছে, গুদামে পর্যাপ্ত সার রয়েছে, যা দিয়ে আগামী কয়েক মাসের চাহিদা মেটানো সম্ভব। একই সঙ্গে আমদানির ব্যবস্থাও করা হয়েছে। তাহলে আমার কৃষক ভাই কেন সার পাচ্ছেন না? রাজনৈতিক পালাবদলের কারণে সারের ডিলারশিপ নিয়ে রাজনীতি হচ্ছে—তার কাফফারা আমার কৃষক ভাইকে কেন দিতে হবে?’ রাজারহাট উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে তিনি আরও বলেন, পুরোনো ডিলারদের কেউ কেউ নতুন নীতিমালা বাস্তবায়নে অসন্তুষ্ট হয়ে সার উত্তোলন ও বিতরণে অসহযোগিতা করেছেন বলে জানা যাচ্ছে। ডিলারদের একাংশ বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, খুচরা বাজারে বেশি দামে সার বিক্রি ও স্থানীয়ভাবে সার আটকে রাখার অভিযোগের সমাধান করা রাষ্ট্র ও সরকারের দায়িত্ব। সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, ‘প্রশাসনকে আরও দক্ষ করুন। নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন। জনগণের সংকট নিরসন করুন। কৃষকদের কাছে সার পৌঁছে দিন। তা না করে সরকার যদি ডিলারদের কাছে জিম্মি হয় বা ডিলারদের স্বার্থে কাজ করে, তাহলে সারের জন্য জনতা রাজপথে নামতে বাধ্য হবে।’
সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা নুর বখত মিয়া, জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আইমানী, জেলা সাংগঠনিক সম্পাদক শেখ নুর মোহাম্মাদ প্রমুখ।///// Mobile 01718070388
