
ঠাকুরগাঁও প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ঠাকুরগাঁওয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন।
তিনি বলেছেন, “আমার শরীরে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত ঠাকুরগাঁওয়ে কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না।”
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার ভূল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ভূল্লী উপজেলা শাখা এ সভার আয়োজন করে।
সভায় আসন্ন দুর্গোৎসবের প্রস্তুতি, বিভিন্ন পূজামণ্ডপের সমস্যা এবং নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো তুলে ধরেন সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিরা। তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন মির্জা ফয়সল আমিন এবং সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
এ সময় তিনি তাঁর বড় ভাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের আগাম শারদীয় শুভেচ্ছা জানান।
সনাতন সম্প্রদায়ের সঙ্গে দীর্ঘদিনের সামাজিক সম্পর্কের স্মৃতিচারণ করে মির্জা ফয়সল আমিন বলেন, ছোটবেলায় কালীবাড়ির বাসার সামনের জবা গাছ থেকে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা পূজার জন্য ফুল নিয়ে যেতেন। এমনকি তাঁদের বাড়ির তুলসী পাতার রস খেয়ে তাঁর জ্বর ভালো হওয়ার স্মৃতিও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাফরুল্লাহ, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল হামিদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগের সভাপতি মনোরঞ্জন সিং, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক প্রবীর কুমার দত্ত, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুলফিকার আলী ভুট্টো, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. নাজিমুল ইসলাম লাল, জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আশরাফুল হক এবং পূজা উদযাপন পরিষদের ভূল্লী উপজেলা শাখার সাধারণ সম্পাদক তপন কুমার রায়সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভা শেষে মির্জা ফয়সল আমিন সবাইকে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন এবং ঠাকুরগাঁওয়ের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানান।
