
সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কলেজের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জাকির হোসেন হেলাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল পৌর বিএনপির সভাপতি ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি শাহাজান আলী। অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যাপক আশরাফ আলী, জাহাঙ্গীর আলম, শাহআলম, দুলাল হোসেন, মাহবুব আলম, প্রশান্ত বসাক, সবুর হোসেন, নাসরিন আক্তার, সফিকুল ইসলাম শিল্পী, শিক্ষক প্রতিনিধি কামাল হোসেন ও তৌহিদা পারভীন প্রমুখ। এ সময় কলেজের অন্যান্য শিক্ষক, অভিভাবক ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অধ্যক্ষ জাকির হোসেন হেলাল ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করেন। এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের কলেজের নিয়ম-কানুন মেনে চলা, নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, পড়াশোনায় মনোযোগী হওয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, উচ্চশিক্ষার প্রস্তুতি নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও সুন্দর আচরণের চর্চা করতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
