
জাহিদ হাসান, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
রাজনীতিতে সময়ের সঠিক ব্যবহার যে কতটা গুরুত্বপূর্ণ, তার এক তিক্ত উদাহরণ তৈরি হলো সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। মাত্র ১০ মিনিট দেরিতে পৌঁছানোর কারণে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী মোঃ আশরাফুল ইসলামের মনোনয়নপত্র গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ঘড়ির কাঁটার কাছে হেরে গিয়ে নির্বাচনী লড়াই থেকে শুরুতেই ছিটকে পড়লেন এই প্রার্থী।
জানা গেছে, ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদের উত্তরা পূর্ব থানা শাখার সহ-সভাপতি মোঃ আশরাফুল ইসলাম এদিন মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। এরপর দিনভর তিনি ব্যস্ত ছিলেন ব্যাংকে জামানতের টাকা জমা দেওয়া এবং হলফনামা প্রস্তুত করার মতো দাপ্তরিক কাজে। কিন্তু এই আনুষ্ঠানিকতাগুলো শেষ করতে প্রত্যাশার চেয়েও বেশি সময় ব্যয় হয়ে যায়। সব গুছিয়ে নিয়ে যখন তিনি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছান, তখন নির্ধারিত সময়সীমা ১০ মিনিট আগে শেষ হয়ে গেছে। নিয়মের কড়াকড়ির কারণে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম তার মনোনয়নপত্রটি আর গ্রহণ করেননি।
এ বিষয়ে গণ অধিকার পরিষদের প্রার্থী মোঃ আশরাফুল ইসলাম জানান, ব্যাংকের কাজ ও হলফনামাসহ প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করতে গিয়েই মূলত দেরি হয়েছে। তিনি দ্রুত পৌঁছানোর চেষ্টা করলেও সময়ের এই সামান্য ব্যবধান তার মনোনয়ন দাখিলের পথে বাধা হয়ে দাঁড়ায়। রিটার্নিং কর্মকর্তা সময় পার হয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে মনোনয়নপত্রটি ফিরিয়ে দেন। ১০ মিনিটের এই সামান্য বিলম্বের কারণে একটি সংসদীয় আসনের নির্বাচনী দৌড় থেকে প্রার্থীর ছিটকে পড়ার ঘটনাটি বর্তমানে পুরো উল্লাপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
