
বদরুদ্দোজা প্রধান,পঞ্চগড়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন, বাংলাদেশ আজ স্তব্ধ। আজ পুরো দেশ শোকাহত।
মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার নওশাদ জমির বলেন, বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক। আন্তর্জাতিক অঙ্গনেও তিনি একজন সম্মানিত ও সমাদৃত রাষ্ট্রনায়ক হিসেবে পরিচিত ছিলেন। ভবিষ্যতেও সারা বিশ্বের মানুষ তাকে সেইভাবেই স্মরণ করবে।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে যে কয়টি শোকের কালো দিন আছে, আজকের দিনটিও তেমন একটি দিন। তিনি জানান, মঙ্গলবার সকাল ছয়টার কিছুক্ষণ পর বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ একটি বার্তা পাঠান, যেখানে বলা হয় দেশনেত্রীর অবস্থা সংকটাপন্ন। এর কিছু সময় পরই তিনি এই ভয়াবহ ও শোকাবহ সংবাদটি পান।
তিনি আরও বলেন, পঞ্চগড়ের মানুষসহ সারা বাংলাদেশের জনগণ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই মুহূর্তটিকে একটি গভীর শোকের সময় হিসেবে মনে রাখবে।
এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করা হচ্ছে। একই সঙ্গে একটি শোক বই খোলা হয়েছে। সেখানে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা ভিড় করছেন।
ব্যারিস্টার নওশাদ জমির বলেন, খালেদা জিয়া ছিলেন এমন একজন রাষ্ট্রনায়ক, যাঁর জন্য সৌদি বাদশাহ পর্যন্ত সব ধরনের কূটনৈতিক যোগাযোগের দ্বার উন্মুক্ত করেছিলেন। তিনি স্মরণ করেন, ক্ষমতায় থাকার সময় শেখ মুজিবুর রহমানের নামে পিজি হাসপাতালের নাম পরিবর্তনের প্রস্তাব উঠলে খালেদা জিয়া বলেছিলেন, আমি দেশের জন্য কাজ করতে এসেছি, নাম পরিবর্তন করতে আসিনি।
তিনি বলেন, উদারনৈতিক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
পঞ্চগড় প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২৫
