
মো: বিলালুর রহমান সিলেট প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন সরকারের অদক্ষতা, অযোগ্যতা ও অব্যবস্থাপনার কারনে দেশের মানুষ কষ্টে আছে। মানুষের এখন জানমালের নিরাপত্তা নেই। সাধারণ মানুষের এখন বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থতা, বিদ্যুৎ ও জ্বালানিসংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগের অভাব এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি দেশকে কঠিন অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। সরকার বিভিন্ন রাষ্ট্রীয় পদে দলীয় বিবেচনায় অযোগ্য, অদক্ষ লোকদের বসিয়ে রেখেছে। এরা রাষ্ট্রের জনগনের সমস্যা সমাধানের চেয়ে উল্টো আজগুবি, হাস্যকর, অপ্রয়োজনীয় কথাবার্তা বলে বেড়াচ্ছে। এরা দেশবাসীর সাথে পতিত ফ্যাসিস্টদের মতো আচরণ করছে। তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন ফ্যাসিস্টদের আচরণ, ফ্যাসিস্টদের কাজ যারা করবে তারা ফ্যাসিস্টদের পরিণতিও ভোগ করবে। কারন জুলাই বিপ্লবের কারিগর দেশপ্রেমিক জনতা কোন নব্য ফ্যাসিস্টকে সহ্য করবে না।
মাওলানা হাবিবুর রহমান ৩ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার মজলিশে শূরার অধিবেশনে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা জামায়াত সেক্রেটারী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনের পরিচালনায় নগরীর বন্দরবাজারস্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন সিলেট অঞ্চল টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর হাফিজ আনওয়ার হোসাইন খান, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, জেলা সহকারী সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম ও মাওলানা মাশুক আহমদ, জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন প্রমূখ।
