ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজার জেলা ব্যাপী নির্বাচন পরবর্তী সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। তিনি অবিলম্বে এ হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী জেলার বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থক ও সাধারণ মানুষের উপর বিএনপি সমর্থক কর্তৃক হামলা, অগ্নিসংযোগ, বাড়ি-ঘর ভাংচুর, ব্যবসায় প্রতিষ্ঠান লুট ও হুমকি-ধমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এবং অবিলম্বে এসকল প্রতিহিংসামূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। বিবৃতিতে তিনি বলেছেন, জুলাই গণ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তার’ই ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মানুষের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকারের অংশ হিসেবে নিজ নিজ পছন্দের দল ও প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণার চালিয়েছে। আমরা লক্ষ্য করছি নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে জেলার বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের টার্গেট করে বাড়ি-ঘরে হামলা, অগ্নিসংযোগ, ব্যবসায় প্রতিষ্ঠান লুট করে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। বারবার প্রশাসন, আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষা বাহিনীর সাথে যোগাযোগ করেও সম্পূর্ন প্রতিকার পাচ্ছি না। যার কারণে জেলা ব্যাপী আমাদের শত-শত নেতাকর্মী ও সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিএনপির সমর্থকদের এহেন প্রতিহিংসামূলক ও প্রাণঘাতী আচরণ নতুন বাংলাদেশের প্রতি অবজ্ঞা এবং জুলাই বিপ্লবের চেতনা পরিপন্থী। আমি অবিলম্বে এসকল সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। অন্যথায় যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় প্রশাসন ও বিএনপিকে বহন করতে হবে।
