
মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও নৌ-শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলার নীলডুমুর খেয়াঘাট এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
‘সবুজ বনই জীবনের ঢাল, সুন্দরবন বাঁচুক চিরকাল’—এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় উপকূলীয় জনপদের বিভিন্ন বয়সী মানুষ এবং পরিবেশবাদী সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা সুন্দরবন রক্ষায় একটি আলাদা মন্ত্রণালয় গঠনের জোরালো দাবি জানান। তারা বলেন, বিশ্ব ঐতিহ্য সুন্দরবন কেবল প্রাকৃতিক সম্পদ নয়, এটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন ও সম্পদের একমাত্র রক্ষাকবচ। সুন্দরবনকে বাঁচাতে এবং এর জীববৈচিত্র্য রক্ষায় রাষ্ট্রীয়ভাবে আলাদা মন্ত্রণালয় গঠন এখন সময়ের দাবি।
বক্তারা সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরা বন্ধ, বন্যপ্রাণী নিধন রোধ এবং নদী ও খালে প্লাস্টিক দূষণ বন্ধে বন বিভাগ ও প্রশাসনের কঠোর নজরদারির আহ্বান জানান।
একই সাথে বননির্ভর দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ রক্ষায় স্থানীয় যুবসমাজকে সরাসরি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
