মোঃ আল আমিন, বামনা (বরগুনা) প্রতিনিধি বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিযুক্ত হয়েছেন। সোমবার (২ মার্চ, ২০২৬) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ নিশ্চিত করা হয়। রাষ্ট্রপতির প্রজ্ঞাপন সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, ‘দ্য বাংলাদেশ (হুইপ) অর্ডার, ১৯৭২’ এর আর্টিকেল ৩ (১) অনুযায়ী রাষ্ট্রপতি তাকে এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে স্থলাভিষিক্ত করেছেন। দক্ষ ও অভিজ্ঞ এই রাজনীতিবিদকে চিফ হুইপ মনোনীত করায় নির্বাচনী এলাকায় আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে। নুরুল ইসলাম মনির এই সাফল্যে তার নির্বাচনী এলাকা বামনা, বেতাগী ও পাথরঘাটায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সোমবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পরপরই বামনা গোল চত্বর থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের অংশগ্রহণে মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঘুরে ‘বিসমিল্লাহ চত্বরে’ গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন বামনা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবুল কালাম আজাদ রানা। তিনি বলেন:
“নুরুল ইসলাম মনি কেবল আমাদের নেতা নন, তিনি এই অঞ্চলের উন্নয়নের কাণ্ডারি। তাকে চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের। এই প্রাপ্তি বেতাগী-বামনা-পাথরঘাটাবাসীর দীর্ঘদিনের আস্থার প্রতিফলন।”
সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, তার এই নতুন দায়িত্বের মাধ্যমে দক্ষিণ জনপদের উন্নয়নে আরও গতি সঞ্চার হবে।
