
বিপ্লব তালুকদার নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে মোবাইল ফোনে পরিচয় থেকে প্রেম, তারপর বিয়ে। কিন্তু সেই সুখের সংসার টিকলো মাত্র ৬০ ঘণ্টা! বিয়ের দুই দিনের মাথায় রহস্যজনকভাবে উধাও হয়েছেন নববধূ। যাওয়ার সময় নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আর ঘরে পড়ে থাকা একটি ব্লাউজ নিয়েই এখন এলাকায় চলছে নানা আলোচনা আর হাস্যরস।
ঘটনাটি ঘটেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জলন্দা গ্রামে। স্থানীয়দের কাছে এটি এখন “৬০ ঘণ্টার সংসার” হিসেবেই আলোচনায় এসেছে।
জানা গেছে, উপজেলার এক ভ্যানচালক বন্ধুর মাধ্যমে ৫৫ বছর বয়সী আকাব্বরের সঙ্গে পরিচয় হয় দুই সন্তানের জননী তাসলিমার। প্রথমে মোবাইল ফোনে কথোপকথন, এরপর ধীরে ধীরে সেই সম্পর্ক গড়ায় প্রেমে। মাত্র এক মাসের পরিচয়েই তারা বিয়ের সিদ্ধান্ত নেন।
স্থানীয়দের ভাষ্য, বয়সের ব্যবধান কিংবা সামাজিক আলোচনা কোনো কিছুই গুরুত্ব দেননি আকাব্বর। ভালোবাসার টানে নতুন জীবনের স্বপ্ন নিয়ে ঘর বাঁধেন তাসলিমাকে নিয়ে। বিয়ের পর প্রথম দুই দিন বেশ আনন্দ আর স্বাভাবিকভাবেই কাটছিল তাদের সংসার।
কিন্তু হঠাৎই আসে নাটকীয় মোড়।
বিয়ের দুই দিনের মাথায় তাসলিমা জানান, তার মা অসুস্থ। জরুরি ভিত্তিতে বাবার বাড়ি যেতে হবে। স্ত্রীর কথায় বিশ্বাস করে আকাব্বর নিজেই তাকে বনপাড়া পর্যন্ত পৌঁছে দেন। অভিযোগ রয়েছে, সেখানে পৌঁছেই সুযোগ বুঝে সটকে পড়েন তাসলিমা। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
আকাব্বরের দাবি, যাওয়ার সময় নগদ টাকা ও স্বর্ণালংকারও সঙ্গে নিয়ে গেছেন নববধূ। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ঘরে পড়ে থাকা একটি ব্লাউজ, যা নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে নানা রকম মন্তব্য ও হাস্যরস।
এলাকাবাসীর কেউ কেউ ঘটনাটিকে পরিকল্পিত প্রতারণা বলে মনে করছেন। তাদের ধারণা, প্রেমের অভিনয় করে আকাব্বরকে ফাঁদে ফেলা হয়েছে। আবার অনেকে বলছেন, শুরু থেকেই হয়তো সবকিছু পরিকল্পিত ছিল।
তবে এসব আলোচনার মাঝেও ভেঙে পড়েছেন আকাব্বর। তিনি বলেন,
“ভালোবাসার বিশ্বাসেই সব হারালাম।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এটি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। অনেকে বিষয়টিকে মজার ঘটনা হিসেবে দেখলেও, কেউ কেউ এটিকে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে প্রতারণার আরেকটি উদাহরণ বলেও মন্তব্য করছেন।
বড়াইগ্রামের এই ঘটনা যেন আবারও মনে করিয়ে দিল, প্রেম বয়স মানে না। তবে সেই প্রেম কখনো কখনো জীবনের সবচেয়ে বড় প্রতারণার কারণও হয়ে উঠতে পারে।
