
সাইফুর রহমান শামীম, , কুড়িগ্রাম।
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টার ঘটনায় ৫ দিন পর একই পরিবারের চার সদস্যকে উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে বিজিবি।তবে এখনো শূন্যরেখায় আটকে রয়েছে আরও ৫ জন।বুধবার (১৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর মানবিক বিবেচনায় বেলাল হোসেন, তার স্ত্রী সুমি আক্তার এবং তাদের দুই শিশুকে শূন্যরেখা থেকে সরিয়ে রৌমারী থানায় হস্তান্তর করা হয়। স্থানীয়দের জানায়, বাকি ৫ জন এখনো রোদ-বৃষ্টির মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। উদ্ধার হওয়া পরিবারটিকে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।বলে পুলিশ জানিয়েছে।
তবে সীমান্তে আটকে থাকা বাকি ৫ জনকে নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। এর আগে, গত রোববার ভোরে ভারতের আসাম সীমান্ত দিয়ে ৯ জন বাংলাভাষীকে পুশ-ইনের চেষ্টা করলে বিজিবির বাধায় তারা শূন্যরেখায় আটকে পড়েন।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান,শান্তিপূর্ণ উপায়ে পরিস্থিতি সমাধানের
জন্য উচ্চ পর্যায়ের আলোচনা চলছে।//
