টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ী বাসস্টেশন এলাকায় নির্মিত অস্থায়ী বাঁশের ডাইভারশনকে ঘিরে বারবার দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ এই ডাইভারশন ব্যবহারের ফলে ছোট-বড় অসংখ্য দুর্ঘটনা ঘটেছে, এতে পথচারী ও যানবাহন চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, বাঁশ দিয়ে তৈরি অস্থায়ী ডাইভারশনটি পর্যাপ্ত নিরাপদ নয়। বিশেষ করে রাতের বেলা এবং বৃষ্টির সময় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। ইতোমধ্যে কয়েকবার গুরুতর দুর্ঘটনার ঘটনা ঘটলেও স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ চোখে পড়ছে না।
ধনবাড়ীবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বাঁশের ডাইভারশন অপসারণ করে সেখানে একটি টেকসই ও নিরাপদ কংক্রিটের ডাইভারশন নির্মাণের জোর দাবি জানানো হয়েছে। স্থানীয়দের মতে, স্থায়ী কংক্রিট ডাইভারশন নির্মাণ করা হলে দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং সাধারণ মানুষের যাতায়াত নিরাপদ হবে।
এ বিষয়ে এলাকাবাসী মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা আশা করছেন, জনদুর্ভোগ ও দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
